অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: দাবি বিদ্যুৎ মন্ত্রণালয়ের

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ বিষয়ে বিদ্যুৎ বিভাগের প্রকাশিত স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি
ফাইল ছবি

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার না ছড়ানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ যথাযথ প্রমাণসহ জমা দিলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিভাগের দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সমাধান করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

তবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এমন অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ সতর্ক করে জানিয়েছে, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া শুধুমাত্র জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা অপপ্রচারের উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সঠিক তথ্যের ভিত্তিতে অভিযোগ উত্থাপন এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *