প্রধানমন্ত্রী তারেক রহমান সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সরকারের নির্ভরযোগ্য সূত্র এবং যুক্তরাষ্ট্র বিএনপির সংশ্লিষ্ট নেতাদের তথ্য অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণেরও পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গেছে।
নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে কর্মসূচি শেষ করে তিনি দেশে ফিরবেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
