ঠিক সকাল ১০টায় প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শনিবার (৮ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময় থেকে পরীক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে নিজস্ব EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রগুলোও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ফলাফল সংগ্রহ করতে পারবে।
এসএমএসে যেভাবে ফল জানা যাবে
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে উদাহরণ হিসেবে SSC BAR 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে বলা হয়েছে।
অনলাইনেও দেখা যাবে ফল
এসএমএসের পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের ফলাফল জানতে পারবেন।
এ ছাড়া ফলাফল পুনর্নিরীক্ষণের জন্যও পৃথক অনলাইন ব্যবস্থা থাকবে। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত। ফল প্রকাশের নির্ধারিত সময়ের আগে শিক্ষার্থীদের বিভ্রান্তিকর কোনো তথ্য বা গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
