একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশ যখন নতুন করে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে, তখন একটি মহল আবারও দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জাতীয় সংসদের এলডি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির নেতা তারেক রহমান কাজ শুরু করেছেন। চারদিকে নতুন করে দেশ গড়ার আন্দোলন শুরুর প্রস্তুতি চলছে। এমন সময়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, বিএনপি সংসদীয় পদ্ধতিতে সরকার পরিচালনা করে সংসদের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। কিন্তু একটি মহল রাজপথে নেমে অন্যায়ভাবে পরিস্থিতিকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।

দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, অতীতেও দেখা গেছে, দেশ যখন উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যায়, তখন জাতীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্তের মাধ্যমে সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের দায়িত্ব বিএনপির ওপর পড়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর দেশ পুনর্গঠনে কাজ করেছিলেন। পরবর্তী সময়ে খালেদা জিয়াও দেশ গঠনে ভূমিকা রেখেছেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশ পুনর্গঠনের দায়িত্ব তাদেরই উত্তরসূরি তারেক রহমানের ওপর এসে পড়েছে। দেশকে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *