জামায়াতের উত্থান দেশে নতুন সংকট তৈরি করতে পারে: নুরুল হক নুর

জামায়াতের উত্থান দেশে নতুন সংকট তৈরি করতে পারে: নুরুল হক নুর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর | ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের রাজনৈতিক উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার দাবি, জামায়াতের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে এবং দলটির উত্থান দেশের জন্য নতুন সংকট তৈরি করতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা অ্যাকাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন নুরুল হক নুর। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা এখন অনেক বেশি। এ বিষয়টি দেশের সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিবেচনায় রাখতে হবে। তাঁর ভাষ্য, জামায়াতের উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের অস্তিত্বকেও সংকটের মুখে ফেলতে পারে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, দেশে এখন আগের মতো ফ্যাসিবাদ নেই; বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে ছয় মাসের মতো সময় হয়েছে। এই সময়ে বিরোধী দল লংমার্চ বা সরকারবিরোধী বড় কোনো কর্মসূচি দিলে তা পতিত ফ্যাসিস্টদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করতে পারে।

সাম্প্রতিক কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হচ্ছে কি না এবং এর সঙ্গে দেশি-বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখছে।

নুরুল হক নুর আরও বলেন, প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রীয় সফরে চীন ও মালয়েশিয়া যাওয়ার সময়ও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল বলে তিনি মনে করেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর ওই সফর যারা ভালোভাবে নেয়নি, তাদের ভূমিকা বিষয়টি বিশ্লেষণের ক্ষেত্রে বিবেচনায় রাখা প্রয়োজন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তিনি এই সফরকে বাংলাদেশের স্মরণকালের অন্যতম সফল সফর হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এমন অর্জনের সময়ে দুর্বৃত্ত ও পতিত ফ্যাসিস্টদের পক্ষ থেকে সরকার পতনের কথা বলা হচ্ছে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তির কেউ কেউ ডিসেম্বরের মধ্যে সরকার পতনের কথা বলছেন। এসব বক্তব্যের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

জামায়াতের অতীত রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, অতীতেও দলটি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছিল।

One thought on “জামায়াতের উত্থান দেশে নতুন সংকট তৈরি করতে পারে: নুরুল হক নুর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *