কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে ১০ খেলায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করছে সরকার

The current image has no alternative text. The file name is: Aminul-Web-Image-2-scaled.png

মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিশু-কিশোরদের বিভিন্ন খেলায় সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন সমন্বিতভাবে কাজ করবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক-মানসিক বিকাশ এবং তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্ট রাখা হয়েছে।

ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় শিক্ষক নিয়োগের উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া তরুণদের দক্ষতা বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

খেলাধুলার অবকাঠামো উন্নয়নেও কাজ চলছে বলে জানান যুব ও ক্রীড়ামন্ত্রী। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *