সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাজশাহী সিটি করপোরেশন

নিয়মিত কর প্রদানকারীদের উৎসাহিত করতে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। কর প্রদানে নাগরিকদের আগ্রহ বাড়ানো এবং নিয়মিত করদাতাদের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় তিনি বলেন, সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার মান বাড়াতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য রাজস্ব আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও পেশাদার হতে হবে।
মো. মাহফুজুর রহমান রিটন বলেন, যারা নিয়মিত কর পরিশোধ করছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত করদাতাদের স্বীকৃতি দিতে আগামী বছর থেকে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে নগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন তিনি। এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান রাসিক প্রশাসক।
মতবিনিময় সভায় রাজস্ব বিভাগের কার্যক্রম, আয় বৃদ্ধির কৌশল, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। সচিব সোহেল রানা সভাটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এ ছাড়া রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।

