ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।
মরিয়ম খাতুনের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। ওই ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
