ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।
রোববার (২৩ আগস্ট) ডাকসু ভবনে ভিপির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ বৃদ্ধি, একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা ও ফেলোশিপ এবং আন্তর্জাতিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো।

সাদিক কায়েম মার্কিন প্রতিনিধিদের কাছে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ে আবেদন, ইংরেজি ভাষা দক্ষতা, গবেষণা ও একাডেমিক লেখালেখি বিষয়ে শিক্ষার্থীদের সহায়তায় ওয়ার্কশপ, সেমিনার ও কাউন্সেলিং আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মার্কিন দূতাবাসের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, পাবলিক ডিপ্লোম্যাসি কার্যক্রমে সম্পৃক্ততা এবং দুই দেশের তরুণদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ও উঠে আসে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। একই সঙ্গে আন্তর্জাতিক স্কলারশিপ, গবেষণা, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা বাড়াতে মার্কিন দূতাবাসের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন ডাকসু ভিপি।
ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
