ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরায় চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থা

মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা চিঠিতে সংশ্লিষ্ট সব কার্যালয়ে দ্রুত বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।
চিঠিতে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে ই-গভর্ন্যান্সের আওতায় বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি জনগণকে নির্বিঘ্নে ও যথাসময়ে সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি গুরুত্বপূর্ণ।
এ কারণে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ডিভাইস নিয়মিত ব্যবহার হচ্ছে কি না, তা তদারকির জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
