প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, দেশের তিনটি বিভাগে ইতোমধ্যে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক ফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মশালায় পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, উন্নত ও উচ্চশিক্ষার ভিত্তি শক্তিশালী করতে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষকরা কাজ করছেন। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রাথমিক শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা আয়োজন করা হচ্ছে। এসব কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে পরিকল্পনা ও নির্দেশনা কর্মকর্তাদের কাছে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হচ্ছে।
কর্মশালা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে নতুন নীতিমালা তৈরি করা হবে এবং সেই নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে এর আলোকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।
