ব্র্যাকের নামে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি, সতর্ক করলেন চিফ এক্সিকিউটিভ আসিফ সালেহ

ব্র্যাকের নামে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি, সতর্ক করলেন চিফ এক্সিকিউটিভ আসিফ সালেহ

ব্র্যাকের নামে ভুয়া ওয়েবসাইট খুলে চাকরির বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ উঠেছে। ‘BRAC School’ নামে একটি ওয়েবসাইটে রিজিওনাল এডুকেশন অফিসার, এডুকেশন কো-অর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এক হাজারের বেশি নিয়োগের কথা উল্লেখ করে প্রার্থীদের কাছ থেকে ৩৫০ টাকা ‘রেজিস্ট্রেশন ফি’ চাওয়া হচ্ছে।

ব্র্যাকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আসিফ সালেহ এক সতর্কবার্তায় জানিয়েছেন, ওই ওয়েবসাইটের সঙ্গে ব্র্যাকের কোনো সম্পর্ক নেই। ওয়েবসাইটটিতে তাঁর এবং ব্র্যাকের অন্যান্য সহকর্মীর ছবি ব্যবহার করে বানোয়াট বক্তব্যও প্রচার করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি সম্পূর্ণ প্রতারণামূলক কর্মকাণ্ড।

আসিফ সালেহ জানান, ব্র্যাক কোনো চাকরির আবেদন, নিবন্ধন, পরীক্ষা বা নিয়োগের জন্য কখনো কোনো অর্থ নেয় না। ব্র্যাকের নামে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা চাওয়া হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় আইনি সহায়তা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্র্যাকের সব চাকরির বিজ্ঞপ্তি কেবল ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করা হয়।

চাকরিপ্রার্থীদের ভুয়া ওয়েবসাইটে কোনো ব্যক্তিগত তথ্য না দেওয়া, টাকা না পাঠানো এবং বিষয়টি শেয়ার করে অন্যদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন ব্র্যাকের চিফ এক্সিকিউটিভ অফিসার আসিফ সালেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *