শিক্ষায় বাজেট বাড়িয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে: ববি হাজ্জাজ

শিক্ষায় বাজেট বাড়িয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে আগামীতে জিডিপির ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। এই অর্থ শুধু অবকাঠামো নির্মাণে নয়, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতেও ব্যয় করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বর্তমানে শিক্ষার বাজেটে জিডিপির ২ শতাংশ দেওয়া হয়েছে। আগামীতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই বরাদ্দের লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়; প্রাথমিক পর্যায়ে সঠিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের আবারও বিদ্যালয়মুখী করা।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে ইউনেস্কোসহ বিভিন্ন এনজিও ও অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান সহযোগিতা করছে। সরকারের শিক্ষাবিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে এসব অংশীদারের সহযোগিতা কাজে লাগানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মৌলিক ও ভিত্তিগত বিষয়গুলো শেখানোর মাধ্যমে দ্রুত তাদের বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে মিড ডে মিল, ইউনিফর্মসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রকল্প সম্পর্কে তিনি বলেন, অ্যাক্সিলারেটেড লার্নিংয়ের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে অর্জিত শিক্ষাব্যবস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরবর্তী সময়ে রেমিডিয়াল এডুকেশন বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা হিসেবেও কাজে লাগাতে পারে।

শিক্ষা খাতে বিভিন্ন সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, সবাই একই পরিবারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক ভিশন বাস্তবায়নে কাজ করছে। শিক্ষার্থীদের দক্ষতা আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, কর্মসূচিগুলো শুধু ৪০টি জেলা বা ৪০টি উপজেলা পর্যন্ত সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ধাপে কর্মসূচির পরিধি কীভাবে বাড়ানো যায়, তা নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *