ডাকসুর এক বছর পূর্তিতে সাদিক কায়েম: প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেছি

ডাকসুর এক বছর পূর্তিতে সাদিক কায়েম: প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেছি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গত এক বছরে নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর দাবি করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। এ নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন পাওয়ার পেছনে সংগ্রামীদের পরিশ্রম এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার পাশাপাশি অভিভাবকদের দোয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ডাকসু ভিপির দাবি, দায়িত্ব নেওয়ার পর নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের সমর্থন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেছেন তারা। পাশাপাশি সারাদেশের শিক্ষার্থীদের অধিকার ও জনকল্যাণের বিষয়েও সোচ্চার থাকার কথা জানান তিনি।

ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পাশাপাশি আবাসিক হলগুলোর গণরুম ও গণবাথরুমের পরিবেশ উন্নয়নের কথাও তুলে ধরেন সাদিক কায়েম। তার ভাষ্য অনুযায়ী, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও গবেষণা, ক্রীড়া, স্বাস্থ্যসেবা এবং হলগুলোতে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ ক্ষমতা প্রয়োগের জায়গা নয়, বরং শিক্ষার্থীদের সেবার মাধ্যম। আধিপত্যের পরিবর্তে প্রতিনিধিত্ব এবং ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই তারা কাজ করছেন।

ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাদিক কায়েম নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতার মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *