ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে রিজভী

ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়েছেন রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। সেখানে দাপ্তরিক কাজ শেষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কয়েকজন নেতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান।

এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।

নয়াপল্টনের কার্যালয়ে আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, তিনি নিয়মিতই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসা-যাওয়া করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পরও কার্যালয়ের সঙ্গে তার যোগাযোগ বা যাতায়াতে কোনো পরিবর্তন আসেনি।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে ২০১৫ সাল থেকে নয়াপল্টন কার্যালয়ের দলীয় কার্যক্রমে নিয়মিত যুক্ত ছিলেন রিজভী। ২০১৮ সালের ৩০ জানুয়ারি রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় শুরু হলে নিরাপত্তা ও সাংগঠনিক কারণে তিনি কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট কক্ষে অবস্থান শুরু করেন।

পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরও তিনি বাসায় ফিরে যাননি। দীর্ঘ সময় নয়াপল্টন কার্যালয়কেই কার্যত নিজের কর্মস্থল হিসেবে ব্যবহার করেন রিজভী।

প্রায় ২৫ মাস কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি মোহাম্মদপুরের বাসায় ফেরেন। এর আগে টানা ৭৮৭ দিন, অর্থাৎ প্রায় দুই বছর দুই মাস নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করেছিলেন বিএনপির এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *