হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দুই প্রতিমন্ত্রীর মধ্যে ভাগ করে দিয়েছে সরকার। নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররা ষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ করা হয়েছে। তারা দুজনই পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবেন।

রোববার (২৩ আগস্ট) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। এতে দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের ক্ষেত্র আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।

পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরের দায়িত্বের মধ্যে থাকবে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কসংক্রান্ত বিষয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য কার্যক্রমও তিনি দেখভাল করবেন।

অন্যদিকে শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিষয়, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কার্যক্রম।

এ ছাড়া সৃজনশীল অর্থনীতি, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সামুদ্রিক সম্পদসংক্রান্ত বিষয়ও দেখবেন শামা ওবায়েদ। বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও তার দায়িত্বের আওতায় রাখা হয়েছে।

নতুন এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম দুই প্রতিমন্ত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হলো। নিজ নিজ দায়িত্বের ক্ষেত্র অনুযায়ী তারা পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করবেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করবেন।

মন্ত্রণালয়ের পরিপত্রে দায়িত্বগুলোর সুনির্দিষ্ট ক্ষেত্র উল্লেখ করা হয়েছে, যাতে পররাষ্ট্রনীতির বিভিন্ন খাত ও বিশেষায়িত বিষয়গুলোতে কাজের সমন্বয় আরও সুস্পষ্ট হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *