নেদারল্যান্ডসে জীবন, তবু জন্মদাতা মা-বাবার খোঁজে বারবার বাংলাদেশে ফিরছেন দুজন

The current image has no alternative text. The file name is: Web-Image-3-scaled.png

জন্মের পর শৈশবেই দত্তক হয়ে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডসে। সেখানেই কেটেছে জীবনের প্রায় পুরোটা সময়। কিন্তু নিজের জন্মদাতা মা-বাবার পরিচয় জানার আকাঙ্ক্ষা তাঁকে বারবার টেনে আনছে বাংলাদেশে। সেই টানে ছয়বার দেশে এসেছেন ৪৯ বছর বয়সী রাজিব উদ্দিন। তাঁর মতোই নিজের পরিবারের সন্ধানে তিনবার বাংলাদেশে এসেছেন ৪৬ বছর বয়সী সেলিনা গোমেজ।

বৃহস্পতিবার কুমিল্লায় এসে জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এর আগে ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে পরিবারের সন্ধান করেছেন। তবে এখনো তাঁদের অনুসন্ধান সফল হয়নি।

রাজিব উদ্দিনের ভাষ্য অনুযায়ী, ১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে একটি এনজিওর মাধ্যমে তাঁকে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে দত্তক দেওয়া হয়। এরপর সেখানেই বড় হয়েছেন তিনি। তাঁর পাসপোর্টে জন্মসাল ১৯৭৭ উল্লেখ রয়েছে। বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন।

নথিতে জন্মস্থান হিসেবে পেয়ারাকান্দি গ্রামের নাম থাকলেও সেটির অবস্থান নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। গ্রামটি একসময় বৃহত্তর কুমিল্লার অন্তর্ভুক্ত ছিল। পরে ১৯৮৬ সালে এলাকাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়। এ কারণে গ্রামটির অবস্থান শনাক্ত করতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া—দুই জায়গাতেই খোঁজ নিতে হচ্ছে তাঁকে। পাসপোর্টে তাঁর তৎকালীন ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ‘বেবি হোমস্, ঢাকা, বাংলাদেশ’।

নিজের দীর্ঘ অনুসন্ধানের কথা বলতে গিয়ে রাজিব জানান, নেদারল্যান্ডসে তাঁর জীবন ভালোভাবেই কাটছে। সেখানে প্রয়োজনীয় সবকিছু থাকলেও নিজের পরিচয় নিয়ে এক ধরনের শূন্যতা অনুভব করেন তিনি। বিশেষ করে নিজের চেহারার সঙ্গে জন্মদাতা মা-বাবার কারও মিল আছে কি না, তা জানার প্রবল ইচ্ছা কাজ করে তাঁর মধ্যে।

এর আগে একবার এক ব্যক্তিকে তাঁর বাবা বলে দাবি করতে দেখা গিয়েছিল। কিন্তু পরে ডিএনএ পরীক্ষায় তাঁদের মধ্যে কোনো জৈবিক সম্পর্ক পাওয়া যায়নি।

রাজিবের সঙ্গে একই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন সেলিনা গোমেজ। তিনিও নেদারল্যান্ডসে দত্তক হিসেবে বেড়ে উঠেছেন। তাঁর পাসপোর্টে জন্মতারিখ ১৯৮১ সালের ৭ জুলাই এবং ঠিকানা হিসেবে কক্সবাজারের নাম রয়েছে। সেখানে কয়েক দফা অনুসন্ধান করেও পরিবারের সন্ধান পাননি তিনি।

নিজের অতীতের স্মৃতি হিসেবে সেলিনার কাছে রয়েছে শৈশবের একটি সাদাকালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। বর্তমানে পেশায় গায়িকা সেলিনা বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন।

সেলিনা জানান, নেদারল্যান্ডসে যাঁরা তাঁকে লালন-পালন করেছেন, তাঁরা রয়েছেন। তারপরও নিজের জন্মদাতা মা-বাবার পরিচয় জানার আগ্রহ তাঁকে তাড়িত করে। তিনি জানতে চান, তাঁর প্রকৃত মা-বাবা কারা এবং তাঁদের সন্ধান কোথায় পাওয়া যাবে।

বাংলাদেশে তাঁদের অনুসন্ধানে সহযোগিতা করছেন ঢাকার বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ওমর।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, রাজিব উদ্দিনের দেওয়া কাগজপত্র পরীক্ষা করে পেয়ারাকান্দি গ্রামের অবস্থান সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। ঠিকানা অনুযায়ী, গ্রামটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে অনুসন্ধান চালানোর চেষ্টা করছেন তাঁরা।

জন্মের পর থেকে আলাদা হয়ে যাওয়া পরিবারের সদস্যদের খুঁজে পেতে রাজিব ও সেলিনার এই দীর্ঘ প্রচেষ্টা এখনো চলছে। তাঁদের কাছে প্রবাসের প্রতিষ্ঠিত জীবনও জন্মপরিচয়ের অজানা প্রশ্নটির বিকল্প হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *