এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

The current image has no alternative text. The file name is: Zobaida-009-scaled.png

দেশের প্রত্যন্ত ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়োগে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে; মোট কর্মীর ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন চিকিৎসক জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামে বিপুলসংখ্যক নারী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অথচ এসব রোগের অনেকগুলোই আগাম সচেতনতা ও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব। দীর্ঘদিন স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতির কারণে এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং রোগ প্রতিরোধের প্রয়োজনীয় পদ্ধতি সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

একই অনুষ্ঠানে জনস্বাস্থ্য উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট বিজ্ঞানী ও আইদেশির প্রতিষ্ঠাতা অধ্যাপক ফিরদৌসী কাদরী। তিনি জানান, থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ, জিনগত জটিলতা ও জন্মগত বিপাকীয় রোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, গবেষণাগারভিত্তিক কার্যক্রমের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ে স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম পরিচালনা করছে আইদেশি। থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করতে গবেষণার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা ও সামাজিক সংগঠনের সহযোগিতায় সচেতনতামূলক প্রচার এবং পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের সময় পরীক্ষার সক্ষমতা বাড়ানো এবং ভাইরাসের পরিবর্তন পর্যবেক্ষণে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ফিরদৌসী কাদরী। তিনি বলেন, ভবিষ্যতে মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ক্লিনিক্যাল ট্রায়াল এবং নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনে আরও গুরুত্ব দেওয়া হবে। এসব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনকে সংস্কার কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ করতে হবে। রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধশিল্পের উন্নয়ন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং গবেষণা ও উন্নয়নের পরিবেশ সৃষ্টি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আইদেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নির্ণয়, থ্যালাসেমিয়া শনাক্তকরণ, সংক্রামক রোগ নিয়ে গবেষণা, টিকা এবং জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রশংসনীয়। তরুণ গবেষক ও বিজ্ঞানীদের প্রশিক্ষণেও প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির।

দিনব্যাপী আয়োজনে নারীর স্বাস্থ্য, থ্যালাসেমিয়া পরীক্ষা, সংক্রামক রোগ, বায়োলজিক্যাল পণ্যের সম্ভাবনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় টিকার ব্যবহার নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *