শ্রমিক অসন্তোষে অচলাবস্থার আশঙ্কা, বন্ধ হতে পারে ১৪৭ পোশাক কারখানা

The current image has no alternative text. The file name is: Web-Image-1-3-scaled.png

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১৪৭টি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার (১৫ নভেম্বর) থেকে এসব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শিল্পাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন তিনি।

বিজিএমইএ সভাপতি জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে শনিবারও ৫৫টি কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আরও ৯২টি কারখানায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়ে আংশিক কার্যক্রম চলছে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতির উন্নতি না হলে রোববার এই ১৪৭টি কারখানায় উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে না।

চলমান অস্থিরতার প্রভাব মজুরি নির্ধারণের আলোচনাতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মাহমুদ হাসান খান বাবু। তাঁর ভাষ্য, পোশাকশিল্পে এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডের আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হবে।

তবে নির্ধারিত সূচি অনুযায়ী রোববার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে বলে জানান তিনি।

শ্রমিকদের অসন্তোষ নিরসনে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজিএমইএ সভাপতি। তাঁর মতে, সংগঠনগুলোও বর্তমান পরিস্থিতি সামাল দিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *