আমির হামজার মাহফিল ঘিরে বন্দরে উত্তেজনা, আগমন ঠেকানোর ঘোষণা

নারায়ণগঞ্জের বন্দরে মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ১৬ নভেম্বর একটি তাফসীর মাহফিলে তাঁর অংশ নেওয়ার কথা থাকলেও এ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। তাঁরা আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, নির্ধারিত সময়েই মাহফিল আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা।
বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ মাহফিল হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মাহফিলের বিরোধিতায় শনিবার (১৪ নভেম্বর) লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম ও রাজনৈতিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। বৈঠক শেষে আমির হামজার আগমন ঠেকানোর ঘোষণা দেন তাঁরা।
নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, মাহফিল আয়োজন নিয়ে তাঁদের আপত্তি নেই। তবে বিতর্কিত বক্তাকে অতিথি হিসেবে আনার বিরোধিতা করছেন তাঁরা। বিষয়টি প্রশাসনকে যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ আয়োজনের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।
হেফাজত নেতা হাফেজ কবির হোসাইনের অভিযোগ, মাহফিলের প্রচারপত্রে অতিথি হিসেবে কয়েকজনের নাম দেওয়া হলেও তাঁদের সবার সম্মতি নেওয়া হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি ছাড়া তাঁদের নাম ব্যবহারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জহিরুল ইসলাম বলেন, চরমোনাই পীরকে নিয়ে আমির হামজার বিরূপ মন্তব্যের কারণে তাঁরা তাঁর আগমনের বিরোধিতা করছেন। তাঁকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় বিএনপি সভাপতি মো. ফারুকের দাবি, মাহফিলকে কেন্দ্র করে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আয়োজকেরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়াই তাঁদের নাম প্রচারপত্রে ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব আপত্তি সত্ত্বেও মাহফিল আয়োজনের প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির প্রতিনিধি মাওলানা আবু আবদুল্লাহ। তাঁর দাবি, স্থানীয় পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে তাঁদের কথা হয়েছে এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিরোধিতাকারীরা রাজনৈতিক চাপের কারণে এমন অবস্থান নিয়ে থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আয়োজকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
নির্ধারিত দিনে মাহফিল অনুষ্ঠিত হবে কি না, তা এখন প্রশাসনের সিদ্ধান্ত ও স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করছে।
