মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারের পরিকল্পনা

দেশে মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ ও নিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। আলোচনায় মাদক উৎপাদন ও পাচারের মূল উৎস শনাক্ত করার পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাদক কারবারের পেছনে থাকা অর্থনৈতিক লেনদেন ও অপরাধলব্ধ অর্থের উৎস অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন কমিটির সভাপতি। তাঁর মতে, মাদক ব্যবসার আর্থিক নেটওয়ার্ক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া গেলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।
সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন। তিনি সীমান্ত এলাকায় উন্নত নজরদারি ব্যবস্থা চালুর পাশাপাশি ড্রোনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।
অন্যদিকে, কমিটির সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু একটি মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মাদক প্রবেশের ঝুঁকিতে থাকা সীমান্ত অঞ্চল ও চোরাচালানের রুটগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সীমান্তে যৌথ নজরদারি, নিয়মিত অভিযান এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে মাদক পাচার প্রতিরোধের সুপারিশও উঠে আসে।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কমিটির সদস্য কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

