বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুই বছরেও সাফল্যের হিসাব দিতে পারেনি সরকার

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের লক্ষ্যে গঠিত সরকারি টাস্কফোর্সের কার্যক্রম দুই বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্যের হিসাব প্রকাশ করা হয়নি। কত অর্থ শনাক্ত হয়েছে, কোন কোন দেশে সম্পদ চিহ্নিত করা গেছে কিংবা কত টাকা উদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করাকেই এ সময়ের বড় অগ্রগতি হিসেবে দেখানো হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। বিশেষ করে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের সময়ে পাঁচ বছরের মধ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তব অগ্রগতি জানতে চান তাঁরা। এস আলম গ্রুপের বিদেশে সরিয়ে নেওয়া সম্পদের কতটুকু শনাক্ত করা সম্ভব হয়েছে, সে প্রশ্নও ওঠে। তবে এসব বিষয়ে কোনো পরিমাণগত তথ্য বা নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি টাস্কফোর্স।
ফরহানুল গণি চৌধুরী বলেন, অবৈধভাবে অর্থ বিদেশে স্থানান্তর করা তুলনামূলক সহজ হলেও আইনি পথে তা ফিরিয়ে আনা অনেক বেশি জটিল। এ কাজে বিভিন্ন দেশের আইন, আন্তর্জাতিক সংস্থার নিয়ম এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে গত দুই বছরে বাংলাদেশের অভিজ্ঞতা বেড়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করেই এখন পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশের ব্যাংকগুলোর ঋণসংক্রান্ত নথিপত্র আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। নথির ভাষা ও উপস্থাপনায় অসামঞ্জস্য থাকায় সেগুলো নতুন করে সাজাতে হয়েছে। বর্তমানে ১১টি দল একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আগামী এক বছরের মধ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে ভালো সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে অর্থ উদ্ধারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের পৃথক আইনি কাঠামো। একেক দেশে পারস্পরিক আইনি সহায়তার আবেদন (এমএলআর) পাঠানোর নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রের ধরন ভিন্ন। এ কারণে সব দেশের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা যাচ্ছে না। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে কূটনৈতিক চ্যানেলে আবেদন পাঠাতেও দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। এই জটিলতা কমাতে বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে বলে জানান টাস্কফোর্সের উপদেষ্টা।
বিদেশে খেলাপি ঋণ আদায়ের উদ্যোগেও সীমিত অগ্রগতির কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ছয়টি দেওয়ানি আইনি উদ্যোগের পরিকল্পনার মধ্যে দুটি উদ্যোগের নথিপত্র পর্যালোচনা করে ইতিবাচক মতামত দিয়েছে সংশ্লিষ্ট বিদেশি আইনি প্রতিষ্ঠান। এসব নথিতে ঋণের মূল চুক্তি, ঋণখেলাপির তথ্য, অর্থ ব্যবহারের প্রমাণ এবং ব্যক্তিগত জামিনসংক্রান্ত দলিল অন্তর্ভুক্ত রয়েছে।
ফরহানুল গণি চৌধুরী বলেন, বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথির গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যালোচনায় ইতিবাচক মত পাওয়া গেলেও সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
এদিকে সম্পদ উদ্ধারের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক পরামর্শকদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। টাস্কফোর্সের সমন্বয়ে দেশের বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের চেষ্টা চলছে।
সরকার পরিবর্তন হলে এই কার্যক্রমের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে টাস্কফোর্সের উপদেষ্টা বলেন, কাজ শুরু হয়েছে এবং তা শেষ করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি সমস্যাগ্রস্ত বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদনমুখী কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আইন অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হলেও বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ইতিবাচক মতামত দিলে নতুন ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।
তবে এসব প্রতিষ্ঠানকে কঠোর নজরদারির আওতায় রাখার কথা জানান তিনি। তাঁর মতে, যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে নতুন করে অর্থ পাচার কিংবা ঋণখেলাপির ঝুঁকি কমানো সম্ভব হবে।
আরিফ হোসেন খান আরও বলেন, কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক থেকে ঋণ নিয়ে তার একাংশ দেশের অভ্যন্তরে ব্যবহার করেছে এবং বাকি অর্থ বিদেশে সরিয়ে নিয়েছে। দেশের ভেতরে থাকা সম্পদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত কাজ করছে। কিন্তু বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনার ক্ষেত্রে আইনি জটিলতা বেশি। বিশেষ করে যেসব দেশে বিদেশি অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে, সেখানে অর্থের অবৈধ উৎস প্রমাণ করে সম্পদ উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।
দুই বছর ধরে কার্যক্রম পরিচালনার পরও পাচার হওয়া অর্থের পরিমাণ, শনাক্ত সম্পদের মূল্য কিংবা দেশে অর্থ ফেরানোর সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে আন্তর্জাতিক পর্যায়ে আইনি প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির দাবি থাকলেও অর্থ উদ্ধারের বাস্তব অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
