নিউগিনি আবাসনে হামলা-লুটপাটের মামলা: জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

নিউগিনি আবাসনে হামলা-লুটপাটের মামলা: জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমানকে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র আরও জানায়, মিজানুর রহমানের বাবার নাম নুরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা রাজধানীর ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা এলাকার হলি অ্যাপার্টমেন্ট লিমিটেডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *