কিশোরগঞ্জে সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগ: ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ সদরে এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস বের করে কম ওজনে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে রাজিব মিয়া নামের ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত রাজিব মিয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করে দীর্ঘদিন ধরে এলপিজি গ্যাসের ব্যবসা চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব একটি বিশেষ যন্ত্রের সাহায্যে ১২ কেজির ভর্তি সিলিন্ডার থেকে প্রায় ৩ থেকে ৪ কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে রাখতেন। পরবর্তীতে এই কম ওজনের সিলিন্ডারগুলোই পূর্ণ ১২ কেজি হিসেবে বাজারে বিক্রি করা হতো। মঙ্গলবার রাতে একইভাবে গ্যাস স্থানান্তরের সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেন।
সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দণ্ড প্রদান করেন।
আদালতের বিচার শেষে রাজিব মিয়াকে কিশোরগঞ্জ মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাজিব অসাধু উপায়ে দীর্ঘদিন ধরে গ্যাস স্থানান্তরের কথা স্বীকার করেছেন। জনস্বার্থ রক্ষায় এবং ভোক্তা অধিকার নিশ্চিতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
