মদ্যপ হয়ে পূজামণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সুপার

ফেনীতে দুর্গাপূজার মণ্ডপে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা, নাচানাচি কিংবা মাতলামি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপে কাউকে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে তাকে আটক করে মেডিকেল টিমের মাধ্যমে পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা কিংবা মাদক কারবারে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর পরিচয় বা সামাজিক প্রভাব বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তির সন্তান অপরাধে জড়ালেও তাকে আইনের আওতায় আনা হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএন, আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশ সুপার। নাশকতা কিংবা দুষ্কৃতকারীদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ফেনীর ছয় উপজেলায় মোট ১৫৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ৬৫টি, সোনাগাজীতে ২৩টি, দাগনভূঞায় ১৯টি, ছাগলনাইয়ায় ৫টি, পরশুরামে ৭টি এবং ফুলগাজীতে ৩৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
