আবরার হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি

The current image has no alternative text. The file name is: Rashed-scaled.png

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় অ্যাডভোকেট শিশির মনিরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

রাশেদ খাঁন অভিযোগ করেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচি পালন করলেও একই মামলার আসামিদের পক্ষে জামায়াত-সংশ্লিষ্ট আইনজীবী শিশির মনিরের ভূমিকা দলটির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) কর্মসূচি পালন করেছে। অথচ সেই হত্যা মামলার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন শিশির মনির, যিনি জামায়াতের সঙ্গে সম্পৃক্ত এবং দলটির সংসদ সদস্য প্রার্থীও ছিলেন।

বিষয়টিকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, আবরার হত্যার প্রতিবাদে রাজপথে কর্মসূচি পালন করলেও আসামিপক্ষের আইনজীবী হিসেবে শিশির মনিরের ভূমিকা নিয়ে ছাত্রশিবির কেন প্রশ্ন তুলছে না।

তিনি দাবি করেন, জামায়াতের রাজনৈতিক অবস্থান ও শিশির মনিরের পেশাগত ভূমিকার মধ্যে যে অসংগতি রয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট। এ পরিস্থিতিতে শিশির মনিরের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জুলাইয়ের আন্দোলনে শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খাঁন অভিযোগ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় শিশির মনিরকে রাজপথে সক্রিয় দেখা যায়নি। এমনকি আন্দোলনের সমর্থনে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট ছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এ হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলো কর্মসূচি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *