সততা ও নিরপেক্ষতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান আইজিপির

সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মানবাধিকার সুরক্ষা এবং নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদনশীলতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, পেশাগত জীবনের শুরু থেকেই সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জনগণের আস্থা অর্জন এবং কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি পুলিশ কর্মকর্তাই বাহিনীর প্রতিনিধি। তাই জনগণের পাশে দাঁড়ানো, তাঁদের সমস্যার সমাধানে আন্তরিক হওয়া এবং আইন ও বিধিবিধান অনুসরণ করে দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সময়ের সঙ্গে অপরাধের ধরন ও আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে আইজিপি নবীন কর্মকর্তাদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে পেশাগত নিরপেক্ষতা বজায় রেখে জনগণের সঙ্গে আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এবং সাইবার পুলিশ ইউনিটের প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pingback: জাতীয়করণ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা