নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করা বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। নির্দিষ্ট মেয়াদ শেষে তাদের আবারও জনগণের কাছে নিজেদের কর্মকাণ্ডের মূল্যায়নের মুখোমুখি হতে হয়। তাই জনগণের সেবা নিশ্চিত করা এবং নিজেদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করা নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য একই—জনগণের সেবা নিশ্চিত করা। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে বসতবাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপনে মানুষকে উৎসাহিত করা প্রয়োজন। দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে রাতে ব্যবহার করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ ও নির্ভরতা উভয়ই কমানো সম্ভব।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী তৃণমূল পর্যায়ে সরকারি সেবা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সততা ও কর্মদক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ কর্মস্থলকে নিজের এলাকার মতো বিবেচনা করে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকরাও সভায় অংশ নেন।

One thought on “নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *