শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

The current image has no alternative text. The file name is: Web-Image-3-scaled.png
ছবি: সংগৃহীত ও মানবজাগরণ সম্পাদিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে বলে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে। বিষয়টি ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের লোকসভায় উপস্থাপিত ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে ভারত সরকারের বিভিন্ন কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদন বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাঁকে ভারতে থেকে ফিরিয়ে আনার অনুরোধের বিষয়ে সরকারের অবস্থান ও পর্যালোচনার অগ্রগতি জানতে চেয়েছিল সংসদীয় কমিটি।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

পরবর্তীতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন বাড়ে। সে সময় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরও ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে একই ধরনের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *