রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন–সংক্রান্ত আইন আধুনিকায়নে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

The current image has no alternative text. The file name is: Web-Image-1-scaled.png
ইমারত নির্মাণ আইন সংস্কারে তিন সদস্যের কমিটি গঠন করল সরকার | ছবি: সংগৃহীত ও মানবজাগরণ সম্পাদিত

রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন–সংক্রান্ত বিদ্যমান আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি–বিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করবে এই কমিটি। বুধবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরে ইমারত বিধিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করা হবে। পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী ও পরিমার্জনের সুপারিশ প্রস্তুত করবে কমিটি, যাতে নগর উন্নয়ন ও ভবন নির্মাণ–সংক্রান্ত আইন আরও বাস্তবসম্মত ও কার্যকর হয়।

এ ছাড়া প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে। কমিটির সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব পরবর্তী সময়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *