রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করতে যাচ্ছেন। মামলা রুজুর পর ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ওমর ফারুক নিজ বাড়িতে স্ত্রীর সহযোগিতায় শিশুদের প্রাইভেট পড়াতেন। অভিযোগ রয়েছে, প্রায় ২২ দিন আগে এক শিক্ষার্থীকে একা পেয়ে তিনি যৌন হয়রানি করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি তার মায়ের কাছে জানায়। পরিবারের দাবি, বিষয়টি নিয়ে অভিযোগ করা হলেও দীর্ঘদিন কোনো কার্যকর সমাধান হয়নি।
তবে ওমর ফারুক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তার বাবা মজিবুর রহমানও অভিযোগকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক বলে দাবি করেছেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়ন শাখার আমির আব্দুর রহমান মিলন বলেন, ওমর ফারুক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
পুলিশ জানিয়েছে, মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযুক্তকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।
