কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবার পেল ৩ লাখ টাকা করে অনুদান

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবার পেল ৩ লাখ টাকা করে অনুদান
ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহতদের পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, স্বজন হারানোর বেদনা ও ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক সহায়তা হিসেবে পরিবারগুলোর হাতে এই অনুদান তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও সরকার এসব পরিবারের পাশে থাকবে বলে জানান তিনি।

নিহতদের পরিবারের সুরক্ষা ও ভবিষ্যৎ সহায়তার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এসব পরিবারের শিশুদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে। এ ছাড়া প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে কেউ যেন সাগরপথে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমান। এ ধরনের চক্রের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *