আসছে শাকিব-ইধিকা জুটি, ‘নিঃস্ব’-তে ফিরছেন নায়িকা ইধিকা পাল

ঢাকাই সিনেমায় আবারও জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে তৃতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘নিঃস্ব’-এ শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে। তবে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্টদের ভাষ্য, এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
‘নিঃস্ব’-এর নায়িকা হিসেবে বেশ কিছুদিন ধরেই ইধিকা পালের নাম আলোচনায় ছিল। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নামও আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত ইধিকা পালকেই শাকিব খানের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। ‘নিঃস্ব’ নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।
২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ইধিকা পালের। প্রথম সিনেমাতেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘বরবাদ’ সিনেমাতেও শাকিবের সঙ্গে অভিনয় করেন এই অভিনেত্রী।
অন্যদিকে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খান অভিনীত সিনেমাটির সাফল্যের পর তার নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
