কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজারে সামুদ্রিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে বিপুল রাজস্ব আয় সম্ভব। তিনি জানান, নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণার বিষয়গুলো পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। জরিপের মাধ্যমে পর্যটন উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের সমন্বয় ঘটিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রকৃতি রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। শুধু বহুতল ভবন নির্মাণকে পর্যটন উন্নয়ন বলা যায় না। কক্সবাজারের পুরো সমুদ্রসৈকতজুড়ে পরিকল্পিত পর্যটন কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক পর্যায়ে এর সৌন্দর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা সফল হবে না।

হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন।

এ সময় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, কউকের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ মুজিবুল হকসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *