নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নতুন করে নির্ধারণ করা বাসভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এতে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, নতুন ভাড়ার বিষয়ে আজই গেজেট প্রকাশ করা হবে এবং গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল বাস মালিকদের। তবে দীর্ঘ আলোচনা শেষে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত
মন্ত্রী বলেন, বাস মালিকরা মেইনটেন্যান্স খরচসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তবে সব দিক বিবেচনা করে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের কারণে রাষ্ট্রকেও বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় করতে হয়। তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।
রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে আগামী বৃহস্পতিবার রেল ও লঞ্চের ভাড়া নিয়ে বৈঠক হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে বলেও জানান তিনি।
