সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত

সাবেক এসপি আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত

সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা ও চাকরি থেকে পলায়নের অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

পরে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, একই ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আদেশে আরিফুর রহমান মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওই আদেশে বলা হয়, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল তখন বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন এবং ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২-এর উপবিধি (১) অনুসারে তাকে অনুপস্থিতির দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী বিভাগীয় কার্যক্রমে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো।

এ ছাড়া একই প্রজ্ঞাপনে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *