চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে যোগ দিতে চীনে ঢাবি উপাচার্য

চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে যোগ দিতে চীনে ঢাবি উপাচার্য
ছবি: সংগৃহীত

চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে তিনি চীনের উদ্দেশে রওনা হন।

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (এফআইও) ও শাংদাও মিউনিসিপ্যাল গভর্নমেন্টের যৌথ আয়োজনে ১৭ ও ১৮ সেপ্টেম্বর শাংদাওয়ের স্টারলাইট আইল্যান্ড কনফারেন্স সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে।

সফরকালে ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ন করা হবে। পাশাপাশি সমুদ্র পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা, চীন-বাংলাদেশ যৌথ গবেষণা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন উপাচার্য।

উপাচার্যের সফরসঙ্গী হিসেবে রয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্সের (আইসিওজি) পরিচালক ড. কে এম আজম চৌধুরী।

ফোরামে চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন। জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, সুনীল অর্থনীতি ও টেকসই সামুদ্রিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

উপাচার্যের অনুপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবং এফআইও-এর সঙ্গে সমঝোতা স্মারক নবায়নের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সামুদ্রিক গবেষণা, একাডেমিক বিনিময় ও কারিগরি সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *