প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, শিল্প-কারখানাগুলো সচল রাখা এবং দেশের অগ্রগতির ধারাবাহিকতা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর উদ্যোগের মূল লক্ষ্য।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের এক মাসের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন জানান, সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ জন নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। সেখানে গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আরও খবর: চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে যোগ দিতে চীনে ঢাবি উপাচার্য
প্রধানমন্ত্রীর ওই আশ্বাসের পর অল্প সময়ের মধ্যেই গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন মাহ্দী আমিন। তিনি বলেন, গতকাল থেকে গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে এবং সামনের দিনগুলোতেও এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।
সংবাদ সম্মেলনে সরকারের গত এক মাসের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি একটি সমৃদ্ধ ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
এ সময় তিনি বিনিয়োগ, মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং জ্বালানি পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অগ্রগতির কথা উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা, নীল অর্থনীতি, ছাদবাগান, সরকারি আর্থিক সুবিধা, উত্তরাধিকার আইন ও মাদরাসা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণে নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরেন।
মাহ্দী আমিন জানান, কক্সবাজারে নীল অর্থনীতি নিয়ে গবেষণার জন্য বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দুপুরের খাবার দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে, যা ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রাথমিকভাবে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি ইউনিয়নে সরকারি প্রাণিসম্পদ চিকিৎসক নিয়োগ এবং রাজধানীর কাওরান বাজারের পাইকারি হাট গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
