‘যা করিনি, তার প্রমাণ কীভাবে দেব?’—শিবির থেকে বহিষ্কারের দাবি নিয়ে সালাউদ্দিন আম্মার

‘যা করিনি, তার প্রমাণ কীভাবে দেব?’—শিবির থেকে বহিষ্কারের দাবি নিয়ে সালাউদ্দিন আম্মার

ইসলামী ছাত্রশিবির থেকে ২০২৫ সালে বহিষ্কারের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তার বিরুদ্ধে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, চাঁদাবাজি ও অর্থের বিনিময়ে পদ দেওয়ার মতো অভিযোগ আনা হলেও এসবের কোনো প্রমাণ দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সালাউদ্দিন আম্মার এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, বিভিন্ন অভিযোগের মাধ্যমে তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য, তিনি যে কাজ করেননি, সেটি করেননি—এমন প্রমাণ কীভাবে তিনি দেবেন। অভিযোগকারীদের উদ্দেশে তিনি অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।

নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাস জীবনে কোনো নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করেননি, যা স্বাভাবিক সম্পর্কের বাইরে কোনো অর্থ বহন করে। নিজের চরিত্র নিয়ে এ ধরনের অভিযোগ না তোলার অনুরোধও জানান তিনি।

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি ৭৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের বিষয়টি তুলে ধরেন। তাঁর দাবি, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটি কনসার্ট আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তৎকালীন উপাচার্য আয়োজনের অর্থায়নের বিষয়ে সীমাবদ্ধতার কথা জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির কাছে প্রস্তাব নিয়ে যোগাযোগের পরামর্শ দেন। এরপর বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের কাছে প্রস্তাবপত্র নিয়ে যাওয়ার ঘটনাকে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হয় বলে দাবি করেন তিনি।

অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন রাকসু জিএস। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটি গঠনের সময় রাজশাহীর স্থানীয় শিক্ষার্থীরা একটি কমিটি নিয়ে তার কাছে এসেছিলেন। তবে ওই কমিটি গঠনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।

শিবিরের সঙ্গে তার সম্পর্কের প্রসঙ্গে সালাউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসে সংগঠনটির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, শিবিরের সাংস্কৃতিক কার্যক্রমে তার অংশগ্রহণের বিষয়টি অতীতেও প্রকাশ্যে বলেছেন। একই সঙ্গে তিনি নিজেকে ডানপন্থী সংস্কৃতির চর্চার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন।

শিবিরের পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হলেও কোনো অভিযোগের প্রমাণ দেওয়া হয়নি বলেও দাবি করেন সালাউদ্দিন আম্মার। তার ভাষ্য, অভিযোগের মাধ্যমে তার বিরুদ্ধে একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে তিনি কখনো সম্পৃক্ত ছিলেন না। একই সঙ্গে অভিযোগগুলোর কোনোটি তিনি করেননি—এমন অবস্থায় সেগুলো না করার প্রমাণ কীভাবে দেবেন, সেই প্রশ্নও তোলেন তিনি। ভবিষ্যতে তাকে ‘শিবির’ বলে গালি না দেওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান রাকসু জিএস।

One thought on “‘যা করিনি, তার প্রমাণ কীভাবে দেব?’—শিবির থেকে বহিষ্কারের দাবি নিয়ে সালাউদ্দিন আম্মার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *