শেখ হাসিনার বক্তব্য ভারতের সরকারি অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ভারত সরকারের অবস্থান নয় বলে স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ সরকারকে নিয়ে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।
শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন, সেটি ছিল সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান। এতে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না।
আরও পড়ুন: কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, এ বিষয়ে ভারত সরকার আগেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং সেই অবস্থানেই তারা অটল রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, ওই অনুষ্ঠানে যে বক্তব্য দেওয়া হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সাংবিধানিক ও যথাযথভাবে গঠিত সরকার সম্পর্কে করা মন্তব্য ভারত সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না এবং সরকার সেসব বক্তব্য সমর্থন করে না।
ভারতের পক্ষ থেকে এ মন্তব্যের মাধ্যমে শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য এবং ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরা হয়েছে।
