সচিবালয়ে ‘মব’ সৃষ্টির অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, যা বললেন রাশেদ খাঁন

সচিবালয়ে সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের অভিযোগে জাবি শিক্ষার্থী কারাগারে
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। তবে ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে সেখানে একটি ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, জামায়াত সুযোগ পেলে অল্প সময়ের মধ্যেই সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, দলটি যদি আবার রাজনীতিতে ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। তার ভাষ্য, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ফিরে এলে সব পক্ষই ক্ষতির মুখে পড়বে।
জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁনের দাবি, ক্ষমতায় যেতে হলে দলটিকে আরও দীর্ঘ সময় বিরোধী দলে থাকতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানই যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন।
