এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, রাজনৈতিক দল ও নেতৃত্বে সময়ের সঙ্গে পরিবর্তন এলেও সুবিধাবাদীদের প্রবেশের প্রবণতা থেকে যায়। একই সঙ্গে দেশের রাজনৈতিক বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আসিফ আকবর।
রাজনৈতিক দলগুলোর পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, যুগে যুগে রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন আসে, তবে সুবিধাবাদীদের প্রবেশের প্রবণতা থেকে যায়। এ সময় তিনি ছাত্রদল-যুবদল এবং অতীতে ছাত্রলীগ-যুবলীগের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি বদলালে বর্তমান দলগুলোর অনেক নেতাকর্মীকেও একইভাবে পরিবর্তিত হতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা বলেন ‘তোমরা লেখবা, আর আমরা পিটাইমু’
আসিফ আকবর বলেন, যারা দেশ ও দলকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তাদের পাশে থাকা প্রয়োজন। তবে পরে বিভিন্ন স্বার্থে নতুন লোকজন রাজনৈতিক দলে প্রবেশ করে। দলীয় রাজনীতি ও পুঁজিবাদী রাজনীতি যতদিন থাকবে, এ ধরনের প্রবণতাও থাকবে বলে মন্তব্য করেন তিনি।
রাজনীতিতে পরিবর্তনের জন্য জনসচেতনতা ও আওয়াজ তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবর্তনের জন্য মানুষের কথা বলতে হবে। নিজের অবস্থান তুলে ধরে আসিফ আকবর বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই তিনি সবসময় সোচ্চার থাকবেন।
নিজের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঝামেলা করার জন্য আমার জন্ম হইছে।’ দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি গান করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ চালিয়ে যাবেন বলে জানান।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষ এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি আবার কেউ কমিউনিস্ট—এভাবে মানুষ নিজেদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করছে।
আসিফ আকবরের ভাষ্য, রাজনৈতিক বিভাজনের কারণে মানুষের মধ্যে জাতীয় পরিচয়ের বিষয়টি আড়ালে চলে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামায়াত, একজন এনসিপি, একজন কমিউনিস্ট একজন। কিন্তু আমরা কেউ বাংলাদেশি না।’
তার বক্তব্যে দেশের রাজনৈতিক মেরুকরণ, দলীয় আনুগত্য এবং সুবিধাবাদী রাজনীতির প্রবণতা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে।
