জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। একই সঙ্গে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই পদ থেকে তাঁকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী জাবির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে—পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন: গর্ভাবস্থায় পড়াশোনা, নবজাতককে রেখে পরীক্ষা—ভেরিফিকেশনে নিয়োগ আটকে গেল সুমাইয়ার
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে অধ্যাপক নূরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
