ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনায় ফাতিমা তাসনিম জুমার নিন্দা

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনায় ফাতিমা তাসনিম জুমার নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর সংগ্রহশালা থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

সোমবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডের সমালোচনা করেন। পোস্টে তিনি ওই শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দাবি করেন, সংগ্রহশালার ছবিগুলোকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

জুমা জানান, প্রথম ছবিটি শুধু জিন্নাহর একক ছবি নয়; এটি ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচনের সময়কার একটি সংবাদপত্রের কাটিং। ওই সময়ের একটি সংবাদে জিন্নাহর নাম থাকায় ছবিটি সংগ্রহশালায় রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

দ্বিতীয় ছবিটি ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সময়কার বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ছবিতে শেরে বাংলা এ কে ফজলুল হকের সঙ্গে মুহাম্মদ আলী জিন্নাহও ছিলেন। লাহোর প্রস্তাবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতেই ছবিটি সংগ্রহশালায় রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তৃতীয় ছবি প্রসঙ্গে জুমা বলেন, ছবিটি নিয়ে একজন শিক্ষার্থী দাবি করেছেন, জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন এবং সেখান থেকেই ভাষা আন্দোলনের সূত্রপাত। তবে ছবিটির ক্যাপশনেই বিষয়টি উল্লেখ করা রয়েছে বলে দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টের শেষাংশে জুমা লেখেন, ‘যাই হোক, এইটা মাত্র শুরু। বিসমিল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *