সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী
হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান| ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারের কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে ভুল থাকলে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রায় তিন বছর ধরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। তাদেরও সমাজে সমান অধিকার রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে সমাজকে আরও মানবিক করে তুলতে হবে। কোনো কাজ করতে গেলে ভুল হতে পারে। তবে সেই ভুল চিহ্নিত করে সংশোধনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

সরকারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকলে তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।

দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে গণতন্ত্র ও আইনের শাসন কার্যকর থাকবে এবং কোনোভাবেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটবে না।

আইনমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত নয়। অন্যায় ও হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো দেখেও যারা নীরব থাকেন, তাদের সচেতন হতে হবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে সবাইকে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *