দ্বৈত নাগরিকত্ব আইন বাতিলের দাবি ফাহাম আবদুস সালামের

দ্বৈত নাগরিকত্ব আইন বাতিলের দাবি ফাহাম আবদুস সালামের
ফাহাম আবদুস সালাম | ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বকে রাজনৈতিক পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার কারণ না করার আহ্বান জানিয়েছেন অ্যাক্টিভিস্ট ও লেখক ফাহাম আবদুস সালাম। তার মতে, অন্য কোনো দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট থাকলেই একজন মানুষের দেশপ্রেম, আনুগত্য কিংবা বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা কমে যায়—এমন ধারণা বাস্তবতাসম্মত নয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ লেখায় তিনি দ্বৈত নাগরিকত্ব আইন, প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

ফাহাম আবদুস সালাম মনে করেন, মানুষের আনুগত্য নির্ধারণে পাসপোর্টের চেয়ে ব্যক্তির স্বার্থ, মূল্যবোধ ও কর্মকাণ্ড বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, শুধু একটি দেশের নাগরিকত্ব থাকলেই কেউ রাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থাকবে—এর নিশ্চয়তা নেই।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে ফাহাম বলেন, দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করলেও তিনি বাংলাদেশের নাগরিকত্ব বজায় রেখেছেন। তার ভাষ্য, তারেক রহমানের মতো বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ পশ্চিমা সমাজের কিছু মূল্যবোধ ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে আগ্রহী। তাদের দ্বৈত নাগরিকত্ব থাকলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই বলেও মত দেন তিনি।

ফাহামের মতে, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দীর্ঘ সময় বিদেশে থেকে উচ্চ হারে কর দেন এবং ভবিষ্যতে চিকিৎসা ও পারিবারিক কারণে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ধরে রাখতে চান। তাই কোনো প্রবাসী বাংলাদেশে রাজনীতি বা জনসেবায় যুক্ত হতে চাইলে নাগরিকত্ব ছাড়ার শর্ত আরোপ করা বাস্তবসম্মত নয় বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবছর বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে প্রবাসীদের দেশে ফিরে কাজ করার সুযোগ তৈরি করা উচিত, তাদের নিরুৎসাহিত করা নয়।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রচলিত আইনকে ‘বাস্তবতাবর্জিত’ আখ্যা দিয়ে ফাহাম বলেন, দুই দেশের নাগরিকত্ব থাকলে একজন ব্যক্তির আনুগত্য স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়ে যায়—এমন ধারণার ভিত্তি দুর্বল। তার মতে, কেউ রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে সেটি তার ব্যক্তিগত কর্মকাণ্ড ও স্বার্থের কারণে করে, পাসপোর্টের সংখ্যার কারণে নয়।

দ্বৈত নাগরিকত্ব আইন বাতিলের দাবি ফাহাম আবদুস সালামের

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের ওপর ভিত্তি করে কাউকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না রেখে প্রার্থীদের সব নাগরিকত্ব প্রকাশ বাধ্যতামূলক করা যেতে পারে। কোনো প্রার্থী নাগরিকত্বের তথ্য গোপন করলে তার প্রার্থিতা বা সংসদ সদস্যপদ বাতিলের বিধান রাখা যেতে পারে।

ফাহাম আবদুস সালামের ভাষ্য, কোনো ভোটারের কাছে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নেতিবাচক মনে হলে তিনি ওই প্রার্থীকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে শুধু অন্য দেশের পাসপোর্ট থাকার কারণে একজন বাংলাদেশিকে রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়।

তিনি বলেন, বিদেশে থাকা বাংলাদেশিদের দেশে ফিরে জনসেবা বা রাজনীতিতে যুক্ত হওয়া অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক লাভের সিদ্ধান্ত নয়; বরং এটি অনেকের কাছে আবেগ ও দেশের প্রতি দায়বদ্ধতার বিষয়। তাই এমন ব্যক্তিদের দেশে ফিরে কাজ করার সুযোগ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *