জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি এ সমাবর্তন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আগামী বছরের ২৩ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, কতজন নিবন্ধন করতে পারবেন এবং অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হবে—এসব বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

উপাচার্য জানান, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানকে ঘিরে গ্র্যাজুয়েটদের নিবন্ধন, সনদ প্রস্তুত, একাডেমিক পোশাক এবং অনুষ্ঠানস্থল নির্ধারণসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে কাজ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ জানুয়ারি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করেন। প্রথম সমাবর্তনে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৯৩২ জন গ্র্যাজুয়েট অংশ নেন।

দ্বিতীয় সমাবর্তনে কোন শিক্ষাবর্ষ পর্যন্ত গ্র্যাজুয়েটরা অংশ নেওয়ার সুযোগ পাবেন, তা চূড়ান্ত হওয়ার পর নিবন্ধনসহ পরবর্তী কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুষ্ঠানস্থল, অংশগ্রহণকারীর সংখ্যা ও অন্যান্য আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *