বিশ্ববাজারে কমল তেলের দাম, বাংলাদেশে বাড়ল ২০ টাকা

ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল সরবরাহ আংশিক পুনরুদ্ধারের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে একই সময়ে বাংলাদেশে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে যায়। আগের দিনের তুলনায় এটি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়। উভয় ধরনের তেলের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে যুদ্ধজনিত ঝুঁকির প্রিমিয়াম কিছুটা কমেছে। একই সঙ্গে সৌদি আরবের তেল রপ্তানি পুনরুদ্ধারের খবরও দামের ওপর চাপ তৈরি করেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা অবশ্য পুরোপুরি কমেনি। ইয়েমেনের হুতিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হলেও দেশটি বিকল্প পথে রপ্তানি বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে, যেখানে আগস্টে তা প্রায় ২৪ লাখ ব্যারেলে নেমেছিল।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় স্থিতিশীল থাকায় বিশ্ববাজারে তেলের দামে কিছুটা স্বস্তি এসেছে। তবে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অবকাঠামোয় হামলার মতো বিষয়গুলো এখনো বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে সোমবার তেলের দাম কমলেও বাংলাদেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।
অর্থাৎ চার ধরনের জ্বালানির প্রতিটির দামই এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে। সরকারের নতুন সিদ্ধান্তে দেশে জ্বালানি তেলের খুচরা দামে এটাই সর্বশেষ সমন্বয়।
