নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন, দাবি রয়টার্সের

The current image has no alternative text. The file name is: Hasina-scaled.png

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তিনি এ আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) করা এ আবেদনের একটি চিঠি পর্যালোচনা করে তারা বিষয়টি জানতে পেরেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর দেশটির কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে দাবি করেছে বার্তা সংস্থাটি।

তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুর প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত ৫ নভেম্বর সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন নেই; এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানানো হবে।

তিনি আরও বলেন, হাজার হাজার মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে সাধারণ যাত্রীর মতো বিবেচনার সুযোগ নেই। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে হস্তান্তর চাওয়া হবে।

এদিকে, গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

অধস্তন আদালতের বিচারকদের একটি কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাঁকে ফেরত দেবে বলে আশা করছে বাংলাদেশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা।

একই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের অধীনে থাকা বাধ্যবাধকতার বিষয় উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতে অবস্থানকালে বিভিন্ন সময়ে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *