সন্তান না হওয়ায় বিচ্ছেদ, স্বামীর পা ধরে কান্না স্ত্রীর; তবুও সিদ্ধান্ত বদলাননি রনি

সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন রনি খান। সন্তান না হওয়ার বিষয়টি সামনে এনে স্ত্রীর সঙ্গে আর সংসার করতে রাজি হননি তিনি। স্থানীয় সালিসে বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নাকাটি করেন স্ত্রী। তবে স্ত্রীর আকুতিতে সিদ্ধান্ত পরিবর্তন করেননি রনি। শেষ পর্যন্ত তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় সালিসের মধ্যে স্বামীর কাছে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাতে দেখা যায় ওই নারীকে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে এ সালিস অনুষ্ঠিত হয়। প্রায় সাত বছর আগে হিজলা উপজেলার ওই নারীর সঙ্গে মেহেন্দীগঞ্জ উপজেলার রনি খানের সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বর্তমানে রনি ও তাঁর পরিবারের সদস্যরা নরসিংদীর মাধবদী উপজেলায় থাকেন। সেখানে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন তিনি।
রনি খানের দাবি, বিয়ের পর সন্তান নেওয়ার জন্য তাঁরা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছেন। একপর্যায়ে চিকিৎসার মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এরপরই স্ত্রীর সঙ্গে আর সংসার না করার সিদ্ধান্ত নেন তিনি।
সালিসে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দুই পরিবারের সদস্য এবং পুলিশ। ওই নারীর ভাই জানান, সবাই মিলে রনিকে বুঝিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি কোনোভাবেই সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি হননি।
স্থানীয় সমাজসেবক সেলিম রাঢ়ী বলেন, সালিসে উপস্থিত ব্যক্তিরা দাম্পত্য সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করেছিলেন। তবে সন্তান না হওয়ার বিষয়টি উল্লেখ করে রনি স্ত্রীকে তালাক দেন। পরে দেনমোহরের ১ লাখ ৮০ হাজার টাকাসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আলী আজগর জানান, সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ বিষয়ে ওই নারী থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন। পরে পুলিশ দুই পক্ষকে নিয়ে সমঝোতার মাধ্যমে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদ ঠেকানো সম্ভব হয়নি।

